বিদ্যুৎকেন্দ্র বাতিল না হলে কাফন মিছিল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:২১
বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে শনিবার সন্ধ্যার মধ্যে ঘোষণা না এলে রবিবার সকালে কাফনের কাপড় গায়ে নিয়ে উপজেলা প্রশাসন ঘেরাও করবে ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক সমাবেশে এ ঘোষণা দেন ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’র আহ্বায়ক লিয়াকত আলী।
 
শুক্রবার বিকাল ৪টায় গণ্ডামারার মুজিবের টিলা এলাকায় স্কুলের মাঠে ওই সমাবেশ শুরু হয়। ৪ এপ্রিল গণ্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র বিরোধীদের সাথে পক্ষের লোকজন ও পুলিশের সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় এ শোক সমাবেশ আয়োজন করা হয়।
 
লিয়াকত আলী বলেন, ‘বেনিয়া কোম্পানি এস আলমের বিদ্যুৎ কেন্দ্র বন্ধে সরকারকে চারদিন (শুক্রবার পর্যন্ত) সময় দিয়েছিলাম। আজ আর কোনো কর্মসূচি দিচ্ছি না। একদিন বাড়িয়ে আগামীকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম।’
 
এ সময়ের মধ্যে ঘোষণা না এলে রবিবার সকাল ৮টায় উপজেলা অভিমুখে কাফন মিছিল শুরু হবে। মিছিল গিয়ে উপজেলা প্রশাসন ঘেরাও করবে। বাঁশখালীর গণ্ডামারায় সাগরের কাছে লবণ চাষের এই স্থানেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার কথা এস আলম গ্রুপের।
 
সমাবেশে লিয়াকত প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সর্বাত্মক সামাজিক আন্দোলন। বল এখনও মিডফিল্ডে আছে। বল যে কেউ নিয়ে নিতে পারে।
 
এতে জাতীয় পার্টির নেতা চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম বলেন, ‘এ আন্দোলনের চালানোর জন্য একটি শক্তিশালী কমিটি প্রয়োজন। আমরা আপনাদের সাথে আছি, থাকব।
সমাবেশে সভাপতিত্ব করেন সোমবারের সংঘর্ষের ঘটনায় নিহত মরতুজা আলী ও আনোয়ার ইসলামের ভাই বদি আহমদ। খবর বিডিনিউজ