প্রথমবারের মত ব্রাজিলের রিও ডি জেনিরোতে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ই গেমস টুর্নামেন্ট। এ বছরই গ্রীষ্মের অলিম্পিক গেমস টুর্নামেন্টের সময়ই শুরু হতে যাচ্ছে এই ভিডিও গেইমস টুর্নামেন্ট।
বিবিসি জানিয়েছে, এ সপ্তাহেই লন্ডন গেমস ফেস্টিভালের অংশ হিসেবে নতুন এই ইগেমস টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। আর বিজয়ীদের পুরষ্কার হিসেবে নগদ অর্থের পরিবর্তে মেডাল এবং জাতীয় মর্যাদা দেওয়া হবে এই টুর্নামেন্টে। যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন আন্তর্জাতিক ই গেমস কমিটি এই টুর্নামেন্টটি পরিচালনা করবে।
আপাতত ব্রিটেন, কানাডা, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীর তালিকায় রয়েছে। তবে সময়ের সঙ্গে এই তালিকা আরো বড় হবে বলে আশা করছেন আয়োজকেরা। অলিম্পিকের বছরগুলোতে গ্রীষ্ম এবং শীত দুই ঋতুতেই অনুষ্ঠিত হবে এই ই গেমস টুর্নামেন্ট। এ বছরই প্রথমবারের মত অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে রিও। এরপর ২০১৮ সালে পোয়েংচ্যাং এবং ২০২০ সালে টোকিওতে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে বলেও ঘোষণা করা হয়েছে।
অংশগ্রহণকারী দেশগুলো নিজনিজ দেশে কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করবে। এ ক্ষেত্রে ছেলেমেয়ে মিলিয়েই দল গঠন করা হবে, তবে এসব পেশাগত গেমারদের বয়শ ১৮ এর বেশি হতে হবে। নতুন এই টুর্নামেন্টে কম্পিউটার এবং কনসোল দুই ধরনের গেমই থাকবে বলে জানানো হয়। তবে টুর্নামেন্টে কি কি গেম থাকবে সেটি নিয়ে এখনও আয়জকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ভিডিও গেম নিয়ে বর্তমানে ইস্পোর্টস নামে একই ধরনের টুর্নামেন্ট প্রচলিত রয়েছে। আর এখানে বিজয়ীদের পুরষ্কারের অংকটা প্রতি বছরে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড। বিবিসি।
