বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল কেটে মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী ঘুমন্ত শিশু আব্দুল্লাহকে চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হ্নদয় চাপরাশিকে (২০) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে শিশু আব্দুল্লাহর সন্ধান এখনো মেলেনি।
শনিবার সকালে পিবিআইয়ের একটি দল রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে প্রধান অভিযুক্ত হ্নদয়কে আটক করে। শনিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জে হ্নদয়কে নিয়ে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ।
এর আগে পুলিশ হ্নদয় চাপরাশির মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার মা, ভাই বোন ও স্ত্রীসহ মোট পাঁচজনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হ্নদয়ই শিশু আব্দুল্লাহকে চুরি করেছে বলে পুলিশ দাবি করে আসছে।
আটক হ্নদয় চাপরাশি মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম চাপরাশির ছেলে।
এদিকে, ছয়দিন পার হলেও চুরি যাওয়া শিশু আব্দুল্লাহর সন্ধান এখনো দিতে পারেনি পুলিশ। ছয়দিনেও তার সন্ধান দিতে না পারায় দুধের এই শিশুটির জীবিত ফেরা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
বাগেরহাট পিবিআইয়ের পরিদর্শক মো. আলিমুজ্জামান বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানী থেকে মোরেলগঞ্জে মা-বাবার কোল থেকে ঘুমন্ত শিশু চুরির মূল হোতা হৃদয় চাপরাশিকে আটক করা হয়েছে। হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চলছে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে ভোট বর্জনের পোস্টার নিয়ে তুলকালাম
গত ১০ মার্চ রবিবার দিবাগত রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে তার ছেলে আব্দুল্লাহকে বিছানা থেকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ইত্তেফাক/নূহু
