ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের সাটিয়া বড়দাহ গ্রামে এ ঘটনা ঘটে।
হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ২০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ও গরু-ছাগলসহ বাড়ির অসংখ্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।
হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আরো জানান, ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ইউএনও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৩০ কেজি চাল ও দুই হাজার টাকা করে দেয়া হয়েছে।
