টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে (৪০) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপালপুর শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এ সময় তার কাছ থেকে লাইসেন্সবিহীন একটি গুলি ভর্তি পিস্তল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি মাহফিজুর রহমান বলেন, গ্রেফতার হওয়া সুরুজের বিরুদ্ধে শুক্রবার দুপুরে ধোপাকান্দী বাজারে প্রতিপক্ষের লোকজনের প্রতি গুলি ছোড়ার অভিযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি ২০১৫ সালের অক্টোবরে পুলিশের ওপর হামলার আসামি।
৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ধোপাকান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল হাইয়ের কর্মীদের ওপর শুক্রবার তিনি হামলা করেন। ওই সময় তিন রাউন্ড গুলি করার ঘটনা ঘটান সুরুজ।
