হামলা পরিকল্পনার অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত লেবাননের সাবেক তথ্যমন্ত্রীকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিবিসি বলছে, লেবাননের সাবেক তথ্যমন্ত্রী মিশেল সামাহাকে চোরাচালানের মাধ্যমে দেশে বিস্ফোরক আনা এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সহায়তায় হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
লেবাননের আইন অনুযায়ী সামাহাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সিরিয়ার গৃহেযুদ্ধের বড় প্রভাব পড়েছে প্রতিবেশি রাষ্ট্র লেবাননে। প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন নিয়েও দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লেবানন ১০ লাখেরও বেশি সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সিরিয়াবিরোধী অংশের কাছের বলে পরিচিত লেবাননের নিরপত্তা বাহিনীর একটি শাখা ২০১২ সালে সামাহাকে গ্রেপ্তার করে। ওই সময় তার পরিবার দাবি করেছিল, রাজনৈতিক অন্ধত্ব থেকে তাকে আটক করা হয়েছে।
২০১৫ সালে প্রাথমিকভাবে সামাহাকে সাড়ে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু সেই দণ্ড রদ করে পুনর্বিচারে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচার চলাকালে সামাহা বিস্ফোরক পরিবহনের কথা স্বীকার করলে তাকে ফাঁদে ফেলা হয়েছে বলে দাবি করেন। বিবিসি।
