গোপালগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মিলন মন্ডল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনিত মন্ডল (১২) নামে অপর এক ছাত্র। মিলন ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে উত্তর ভেন্নাবাড়ি (বটতলা) গ্রামের বিধান মন্ডলের ছেলে।
শনিবার সকাল আটটার দিকে উপজেলাধীন গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি (বটতলা) এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ১০ টার দিকে তারা অবরোধ তুলে নেয়। পরে সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা ওই সড়কে ফের অবরোধ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এলাকাবাসী জানায়, সকালে প্রাইভেট পড়ে মিলন ও অনিত বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেহাটগামী একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যায়। আহত অনিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে।
