অবশেষে ডিভোর্স নিয়ে মধ্যস্থতায় পৌঁছানোর ক্ষেত্রে আরও একধাপ এগোলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এবং তার স্বামী সঞ্জয় কাপুর। আদালতের রায় অনুযায়ী, কারিশমা কাপুরের কাছেই থাকবে ছেলেমেয়েরা। সঞ্জয় কাপুর মাঝেমধ্যে গিয়ে শুধু দেখা করতে পারবেন কিয়ান ও সামাইরার সঙ্গে এবং তাদের ভরণপোষণের জন্য মাসে ১০ লাখ রুপি করে দেবেন।
বছর তেরো আগে দিল্লির ব্যবসায়ী সঞ্জয়কে বিয়ে করেন রাজ কাপুরের নাতনি কারিশমা। শুরুতে সব ঠিক থাকলেও ২০১৪ সালে মুম্বাইয়ের আদালতে ডিভোর্সের আবেদন করেন দু'জনে।
এরই এক পর্যায়ে দু'জনের মধ্যে শুরু হয় কাদা ছোড়াছুড়ি। টাকার জন্য অভিষেক বচ্চনের সঙ্গে ব্রেকআপের পর তাকে বিয়ে করেন বলে অভিযোগ করেন সঞ্জয়। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন সঞ্জয়। পাল্টা সঞ্জয় এবং তার বাবা-মার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন কারিশমাও।
কিছুদিন আগে দাম্পত্য সমস্যা মেটাতে শীর্ষ আদালত দু'জনকে আপসে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। সূত্র- ডিএনএ।
