ছেলে সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে। বৃহস্পতিবার তার মুখপাত্র এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
ই! অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ মার্চ লস অ্যাঞ্জেলসে অস্কার বিজয়ী এই অভিনেত্রী তার প্রথম সন্তান জোনাথন রোজব্যাঙ্কস শুলম্যানের জন্ম দেন।
এর আগে বছরের শুরুর দিকে অ্যানা ও তার স্বামী অ্যাডাম শুলম্যান তাদের সন্তান আসছে এমন খবর নিশ্চিত করেছিলেন। অবশ্য গত নভেম্বরেই এই তথ্য জানা গিয়েছিল।
‘লেস মিজারেবল’ ছবিতে কাজ করার জন্য ২০১৩ সালে অস্কার পেয়েছিলেন ৩৩ বছর বয়সী হ্যাথওয়ে। এছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য প্রিন্সেস ডায়রিস’ (২০০১) ও ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ (২০০৬)।
২০১২ সালে অ্যাডাম শুলম্যানকে বিয়ে করেন হ্যাথওয়ে। খবর: এনডিটিভি।
