মাসে ৯০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১১ সালের ৯ আগস্ট মেসেজ আদান-প্রদানের স্বতন্ত্র প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জার চালু করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অ্যাপ্লিকেশনটি শুরুতে ইতিবাচক সাড়া পায়নি। তবে নিত্যনতুন ফিচার যোগ করায় জনপ্রিয়তা অর্জন করে অ্যাপটি।
সামাজিক মাধ্যমটির মেসেজিং পণ্য বিভাগের প্রধান ডেভ মার্কাস জানান, ২০১৫ সাল শেষে ৮০ কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অতিক্রম করে ফেসবুক মেসেঞ্জার। এই সংখ্যা গত তিন মাসে ৯০ কোটি ছাড়িয়েছে।
২০১৫ সালে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণ চালু হলে অ্যাপটির গ্রাহক প্রবৃদ্ধির গতি বেড়ে যায়। এই ধারা এখনো অব্যাহত আছে।
ফেসবুকের অধিকৃত আরেক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ইতোমধ্যে শতকোটির মাইলফলক অতিক্রম করেছে।
