শেষ হলো ‘সাইন্স অ্যান্ড ইনোভেশন ফেয়ার’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৫:২৩
 
শেষ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের চ্যালেঞ্জিং প্রতিযোগিতা ‘সাইন্স অ্যান্ড ইনোভেশন ফেয়ার ফর স্টুডেন্টস অব বাংলাদেশ (এসআইএফএসবি)-২০১৬’। ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দিনব্যাপী এই শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হয়।
 
ইন্টারন্যাশনাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার (ইন্টেল আইএসইএফ) এর অধিভুক্ত সাইফেয়ারবিডি-এর উদ্যোগে আয়োজিত এই এসআইএফএসবি-২০১৬ মেলায় সৃজনশীল তরুণ উদ্ভাবকরা বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
 
IMG0
 
রোমাঞ্চকর এই ইভেন্টে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে দ্বাদশ শ্রেণির বিপুল পরিমাণ ছাত্রছাত্রী অংশ নিয়ে তাদের প্রতিভা প্রদর্শন করেন। স্বাগত বক্তব্যদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইভেন্ট শুরু হয় এবং ইভেন্টে ছাত্রছাত্রীরা তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করে। সম্মানিত বিচারকরা বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং এর মধ্য দিয়ে এই প্রতিযোগিতামূলক ইভেন্টটি শেষ হয়। পরবর্তীতে ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
 
এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাইফেয়ারবিডি-এর পরিচালক মো. সাইদুর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট  প্রোফেসর এবং ভয়েসটেল আইসিএক্স-এর সিওও মোস্তফা এম হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রোফেসর ড. সৈয়দ ইশতিয়াক, এক্সেস টু ইনফরমেশনের  ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল, আসিডিডিআর,বি-এর ইনফ্র্যাসট্র্যাকচার অ্যান্ড সিসটেম ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজার মুহিবুল মুক্তাদির তানিম, মাস্টারমাইন্ড স্কুলের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. নাদিম।
 
IMG1
 
ইভেন্টের সম্মানিত এক বিচারক বলেন, এই ধরনের ইভেন্ট তরুণদের প্রতিভা প্রকাশের জন্য একটি বিশাল সুযোগ। এই প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আয়োজকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
 
আয়োজকদের মধ্যে একজন বলেন, ভবিষ্যতেও আমরা আমাদের তরুণ মেধাবীদের প্রতিভা প্রকাশের জন্য এমন সুযোগ করে দিতে চাই।
 
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে গ্লোবাল টেক ইন্টেলের পক্ষ থেকে সনদপত্র, ১৫,০০০ টাকা প্রাইজ মানি এবং দুই বছর টিউশন ফি, প্রথম রানার্স আপ দলকে ১০,০০০ টাকা প্রাইজ মানি এবং এক বছর টিউশন ফি এবং দ্বিতীয় রানার্স আপ দলকে ৫,০০০ টাকা প্রাইজ মানি এবং এক বছর টিউশন ফি দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগিকে সাইফেয়ারবিডির পক্ষ থেকে সনদপত্র দেয়া হয়।
 
গোল্ডবার্গ মোবাইল এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সর। এছাড়াও এই ইভেন্ট বাস্তবায়নের জন্য অ্যাডক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ইভেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে ছিল সার্কেলস। পাশাপাশি কনসিটো পিআর গণমাধ্যমে এসআইএফএসবি-২০১৬ এর সাফল্যের গল্প দেশব্যাপী ছড়িয়ে দিতে পিআর পার্টনার হিসেবে কাজ করেছে।