তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো চলছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে তা স্তব্ধ করে দিতে দেশে বাস করা বিদেশি এজেন্টরা কাজ করছে।
শনিবার দুপুরে ৭৯ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের হোরকানের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই দেশের পক্ষে অবস্থান নেয়নি, তারা এখনো এ দেশের উন্নয়ন কার্যক্রম স্তব্ধ করে দিতে তৎপর রয়েছে। তাই জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণে যেমন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে নেমেছিল, তেমনি আবার দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে হবে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে প্রতিমন্ত্রী পলক উপজেলার বিনগ্রাম বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, ৫২লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বিনগ্রাম-সোনাপাতিল ভায়া শালমারা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ, ২১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে শেরকোল ইউনিয়ন পরিষদ থেকে বঙ্গবন্ধু কমার্স কলেজ পর্যন্ত আধা কিলোমিটার পাকা রাস্তা ও ৫২ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নাটোর-বগুড়া মহাসড়ক থেকে পাঁচবাড়িয়া পুঠিমারী ঘাট পর্যন্ত এক কিলোমিটার সংযোগ সড়কের উদ্বোধন করেন।
