চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ মায়ের লাশ উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৪
 
 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক নারী ও তার শিশু মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চৌডালা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা।
 
নিহতরা হলেন— বেসরকারি সংস্থা আশার কর্মী আপেল মাহমুদের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও তার মেয়ে রাইশা মাহমুদ (৫)। তারা চৌডালা এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
 
আপেল মাহমুদ বলেন, সকাল সাতটায় নাস্তা করে অফিস চলে যান এবং বেলা একটার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ডাকাডাকি করে স্ত্রী ও মেয়ের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আয়েশার ও বিছানা থেকে মেয়ে  রাইশার লাশ উদ্ধার করে।
 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আয়েশা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।