'কর না বাড়িয়ে ভ্যাটের আওতা বাড়াতে চাই' এমন মন্তব্য করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান বলেন, ব্যবসার উন্নয়নে বিনিয়োগ বন্ধব বাজেট করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। চট্টগ্রাম চেম্বার আয়োজিত আলোচনা সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
জনগণকে করের বোঝা না দিয়ে ভ্যাট বিস্তৃত করার লক্ষ নিয়ে কাজ করছেন উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামী বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিকে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপম্যান্ট গোল (এমডিজি) প্রেক্ষাপট থেকে সাসটেইনেবল ডেভেলপম্যান্ট গোলের প্রেক্ষাপটের দিকে যাবে। তাই আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। প্রথম ৫ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের মর্যাদায় সুসংহত হবে। বাকি ২০ বছরে সুখী-সমৃদ্ধ, শিক্ষিত ও ধনী রাষ্ট্রে পরিণত হবে।
জাতীয় উন্নয়নে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের কোন সমস্যা হলে তা আমরা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করবো। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধ পরিকর।
তবে অসৎ ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমরা 'দুষ্টের দমন এবং সৃষ্টের লালন' করবো। অসৎ ব্যবসায়ী যতবড় শক্তিশালীই হোক না কেন। তাকে মাথা নত করতেই হবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল, পরিচালক মাহফুজুল হক শাহ, অঞ্জন শেখর, আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
