একই পরিবারের ছয় জনকে হত্যার দায়ে পাকিস্তানে দুই ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়েছে। চীন ও ইরানের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেয়া হয় পাকিস্তানে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ নিয়ে কঠোর সমালোচনার কয়েকদিন পর মৃত্যুদণ্ড কার্যকর করল পাকিস্তান।
ঊর্ধ্বতন কারা কর্মকর্তা চৌধুরী আরশাদ সাইদ আরাইন এএফপিকে বলেন, ২০০২ সালে একই পরিবারের ছয়জনকে হত্যার দায়ে শনিবার ভোরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শিয়ালকোট নগরীর একটি জেলে নাসির মাহমুদ ও তাহের ইকবাল নামের দুই ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তারা একই পরিবারের ছয় সদস্যকে হত্যা করে।
২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত একটি বিদ্যালয়ে তালেবান জঙ্গিদের হামলায় প্রায় দেড়শ’ জন নিহত হওয়ার পর দেশটি মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ তুলে নেয়।
