অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'দেশের সত্যিকারের উন্নয়নের লক্ষ্যে সাহিত্য-সংস্কৃতি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন ঘটাতে হবে এবং আমাদের শিশুদেরকে গ্রন্থমনস্ক করে গড়ে তুলতে হবে।'
প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ছোটদের আনন্দবার্ষিকী শিরোনামে শিশুদের চারটি সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শনিবার বিকেলে চন্দ্রাবতী এ অনুষ্ঠানের আয়োজন করে। এটি চন্দ্রাবতীর পঞ্চম শিশু সংকলনের প্রকাশনা উৎসব।
এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এতে সভাপতিত্ব করেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান ও রফিকুন নবী এবং এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তৃতা করেন চন্দ্রাবতীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
অর্থমন্ত্রী তার ছেলেবেলার কথা স্মরণ করে বলেন, 'নতুন বই ছুঁয়ে দেখতে ও গন্ধ নিতে এখনও তার খুব ভাল লাগে। কম্পিউটার আসার পর তিনি ভেবেছিলেন ছাপার বই হারিয়ে যাবে। পড়াশুনা হয়তো কম্পিউটারেই করতে হবে।'
কিন্তু সে শঙ্কা কেটে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'এখন মনে হচ্ছে বই সগৌরবে আরো বহু বছর টিকে থাকবে।'
