পানামা পেপারস কেলেঙ্কারিতে কর ফাঁকি ও অর্থ পাচারের মাধ্যমে কর রেয়াত অঞ্চলে ভুয়া কোম্পানি খোলার অভিযোগ ওঠার পর চাপ সামলে উঠতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রয়াত বাবা ইয়ান ক্যামেরনের অফশোর ট্রাস্টের শেয়ারের মালিকানা পেয়েছিলেন এই কথা স্বীকারের পর এবার বিরোধী দলের ভেতর থেকে তার পদত্যাগের দাবিও উঠেছে। তবে বিতর্কের মুখে ক্যামেরন বলেছেন, আর্থিক বিষয়ে ওঠা বিতর্ক তিনি আরো ভালোভাবে মোকাবিলা করতে পারতেন।
এদিকে, পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এল সালভাদরের কার্যালয়ে শুক্রবার অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে বেশ কিছু কম্পিউটার ও নথিপত্র জব্দ করেছে পুলিশ। এর আগে বুধবার এল সালভাদর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, পানামা পেপারসের তালিকায় আসা ৩৩ জনের ব্যাপারে তদন্ত করা হবে। এদিকে, বিশেষ কিছু কর রেয়াত অঞ্চলের সুবিধা ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকার প্রধানসহ ক্ষমতাধর ব্যক্তি বা তাদের আত্মীয়-বন্ধুদের অর্থ পাচারের প্রমাণ মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে উঠে আসলেও প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। ওয়াশিংটনের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর:বিবিসি, দ্য গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্টের।
ক্যামেরনের পদত্যাগ দাবি লেবার এমপির
বাবা ইয়ান ক্যামেরনের অফশোর ট্রাস্টের শেয়ারের মালিকানা পাওয়ার কথা স্বীকার করে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ঘটনায় তাঁর পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির এমপি জন মান। তাকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারোন। একই সঙ্গে সরকারের অন্য মন্ত্রীদের আয়কর রিটার্ন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন লেবার দলের এমপিরা। এমপি জন মান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন পার্লামেন্টের স্থায়ী কমিশনার ক্যাথরিন হাডসনকে ক্যামেরনের বিষয়টি পরীক্ষা করে দেখতে বলা হবে।
মানের উদ্ধৃতি দিয়ে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগ করা ছাড়া ক্যামেরনের আরো উপায় নেই। তিনি সততার পরিচয় দিতে ব্যর্থ। ডেভিড ক্যামেরন দেশবাসীকে ভুলপথে পরিচালিত করেছেন বলে অভিযোগ করেছেন লেবার দল নেতা জেরেমি করবিন। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী মানুষের আস্থা হারিয়েছেন।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন নথিতে তাঁর নাম উঠে আসার পর বিষয়টি আরো ভালোভাবে সামলাতে পারতেন তিনি। প্রথমদিকে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্বীকার করা হলেও পরবর্তীতে নিজেই অফসোর কোম্পানিতে শেয়ার থাকার কথা স্বীকার করেন ক্যামেরন। একদিন পর টোরির স্প্রিং ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, দ্রুত কর রিটার্নের তথ্য প্রকাশ করা হবে। তিনি বলেন, গেল সপ্তাহটা বেশি ভালো যায়নি। বিষয়টি আরো ভালোভাবে সামাল দেয়া যেত। এখানে অনেক কিছু শেখার ছিল এবং আমি শিক্ষা নিয়েছি। ১০ ডাউনিং স্ট্রিট বা উপদেষ্টাদের দোষ না দিয়ে আমাকে দোষ দিন।
এল সালভাদরে মোসাক ফনসেকার অফিস তল্লাশি
শুক্রবার এল সালভাদরের রাষ্ট্রীয় কৌঁসুলি ডগলাস মেলেন্দেজের উপস্থিতিতে ফনসেকার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। তিনি জানান, সেখান থেকে ২০টি কম্পিউটার ও বিপুল পরিমাণ নথি জব্দ করা হয়েছে। সাতজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এল সালভাদরের এটর্নি জেনারেলের অফিস বলেছে, একদিন আগেই সরিয়ে নেয়া হয়েছে মোসাক ফনসেকার সাইনবোর্ড। একজন কর্মচারী অবশ্য দাবি করেছেন তারা অফিস সরিয়ে নিচ্ছেন। সালভাদরের স্থানীয় অনলাইন পত্রিকা এল ফারো এক খবরে জানায়, দেশটির নাগরিকেরা মোসাক ফনসেকাকে ব্যবহার করে হাজার হাজার ডলারের লেনদেন করত। দেশটির নাগরিকেরা কর্তৃপক্ষকে না জানিয়েই মোসাক ফনসেকাকে ব্যবহার করে গোপনে সম্পদ ক্রয় করতো। তবে কোনো ধরনের বেআইনি কাজ করেনি বলে দাবি করেছে ফার্মটি।
কার্যক্রম অব্যাহত রাখেবে মোসাক ফনসেকা
এদিকে মোসাক ফনসেকার পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখবে। ওয়াল স্ট্রিট জার্নালকে তারা বলেছে, তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত থাকবে। মানুষ ভুল করে, আমরাও ভুল করেছি। আর ফনসেকার সহ-প্রতিষ্ঠাতা জুর্গেন মোসাক শুক্রবার সাংবাদিকদের বলেছেন, তাদের মক্কেলদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সম্পর্ক রয়েছে এটা জেনে আমরা বিস্মিত। এ বিষয়ে আমাদের আগে কোনো ধারণা ছিল না।
