কর্মসূচির নামে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০২:৩৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ডাকা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেবে না। তবে কর্মসূচির নামে যদি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুত থাকবে। কেউ মিথ্যা প্রচারণা চালালে, ষড়যন্ত্র করলে, কোন উদ্দেশ্য নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
 
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। প্রকল্পটি বন্ধে সরকারি সিদ্ধান্তের কথা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেবেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী। আর যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে পারেন।’  মন্ত্রী আরো বলেন, ‘এখানে যে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কার গুলিতে তারা মারা গেছে। কেননা সেখানে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, নিয়ন্ত্রণে পুলিশও কাজ করেছে। সে কারণে তদন্তের আগে এ বিষয়ে কিছুই বলতে পারব না।’
 

এসময় চট্টগ্রাম-৮ আসনের এমপি মঈনউদ্দিন খান বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।