গত সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিনের বর্ষণে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নের শতাধিক একর জমির উঠতি ফসল রসুন, পেঁয়াজ, কালিজিরা ও গম তলিয়ে গেছে। কৃষকরা হাঁটু পানিতে নেমে রসুন, পেঁয়াজ তুলছেন এবং গম কাটছেন। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষককুল।
মঙ্গলবার সকালে নান্দো গ্রামের কৃষক আতিয়ার রহমান নান্দো মাঠে হাঁটু পানিতে দাঁড়িয়ে পানির নীচ থেকে পেঁয়াজ তুলতে তুলতে জানালেন তার এক একর জমির পেঁয়াজ, ২ বিঘা জমির কালিজিরা পানির নীচে। একই গ্রামের আবু বকর সিদ্দিক জানান, তার ২ বিঘা জমির রসুন ও তিন একর জমির গম তলিয়ে গেছে। কৃষকরা জানান, পানিতে তলিয়ে যাওয়া অনেক জমির রসুন, পেঁয়াজ এখনো তোলার উপযোগী হয়নি। আরো কয়েকদিন জমিতে থাকার দরকার ছিল।
লালপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মকবুল হোসেন জানান, ওয়ালিয়া, কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নের নিচু জমির রসুন, পেঁয়াজ, কালিজিরা ও গম ক্ষেতে পানি জমেছে। খুব দ্রুত ফসল তুলে নিলে খুব একটা ক্ষতির আশঙ্কা নেই। তবে পানিতে ডুবে থাকা রসুন, পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে না।
