আজকের কার্যতালিকায় নিজামীর রিভিউ শুনানি

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৪:৫৬
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদন শুনানির জন্য আজ রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকার ১৯ নম্বরে আবেদনটি শুনানির জন্য রাখা হয়।
 
এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে ৩ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। ওই দিন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান রিভিউ আবেদনের শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত আদেশে বলে, এ সপ্তাহে নয়। গত ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) সকল মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওএইচসিএইচআর মুখপাত্র রাভিনা শামদাসানি প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মতিউর রহমান নিজামীর বিচার প্রক্রিয়া ও তার ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।