সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৯:০৭
 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন এক মানসিক প্রতিবন্ধী মা। শনিবার উপজেলা চৌডালা ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্বামী আপেল মাহমুদকে আটক করেছে।
 
গোমস্তাপুর থানার ওসি জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার চৌডালা শাখার কর্মকর্তা আপেল মাহমুদের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও তার শিশু কন্যা রায়েসা মাহমুদকে (৫) চৌডালা পুরাতন বাজার এলাকার বাসায় রেখে অফিসে যান। বাড়ি ফিরে জানালা দিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনাটি তিনি পুলিশকে জানালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে উভয়ের লাশ বিছানা থেকে উদ্ধার করে। পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করে।
 
আয়েশার মা শিউলি বেগম তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল বলে পুলিশকে জানায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হলেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।