নিজামীর রিভিউ আবেদনের শুনানি ৩ মে

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:০৬
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশনের শুনানি আবারও পিছিয়েছে। তার আইনজীবী সময় আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আগামী ৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছে। রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন দেন।
 
আপিল বিভাগের আজকের দৈনন্দিন কার্যতালিকার ১৯ নম্বর ক্রমিকে রিভিউ পিটিশনটি শুনানির জন্য অন্তর্ভূক্তি ছিল। কিন্তু মতিউর রহমান নিজামীর প্রধান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানির পেছানোর আবেদন জানান। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৩ মে দিন ধার্য় করে দেয়।
 
এর আগে ৩ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। ওই দিন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান রিভিউ আবেদনের শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত আদেশে বলে, এ সপ্তাহে নয়। গত ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) সকল মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওএইচসিএইচআর মুখপাত্র রাভিনা শামদাসানি প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মতিউর রহমান নিজামীর বিচার প্রক্রিয়া ও তার ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।