গৌরীপুরে মাদরাসার গাছ কেটে নিলো সন্ত্রাসীরা

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১১:১৭
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদরাসার কয়েকটি মেহগনি গাছ জোর করে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 
 
মাদরাসার সুপার একেএম আব্দুল্লাহ জানান, খালিজুরী গ্রামের দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভোর থেকে মাদরাসার গাছ কেটে নিতে থাকে। খবর পেয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির লোকজন ছুটে আসেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি গাছ কেটে নিলেও প্রতিবাদের মুখে গোড়া কর্তন করা আরো কিছু গাছ কেটে নিতে পারেনি। 
 
মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল আমিন মাস্টার জানান, প্রতিষ্ঠালগ্ন ১৯৮৩ সালেই এ গাছগুলো রোপন করা হয়েছিল। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।