যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ায় সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক ও মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ অস্ত্র বিক্রির মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিন দিন এই প্রবণতা বাড়ছেই। লিবিয়ার ব্যবহারকারীরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একে-৪৭ এর মতো বিধ্বংসী অস্ত্র রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দ্যা ভার্জ।
জেনেভা-ভিত্তিক স্মল আর্ম সার্ভ-এর সহযোগিতা নিয়ে এই সব তথ্য বের করে এনেছে অ্যার্মামেন্ট রিসার্স সার্ভিস (এআরইএস)।
এআরইএস জানিয়েছে, মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ফেসবুক-হোয়াটসঅ্যাপে অস্ত্র বিক্রির এই প্রবণতা শুরু হয়।
দ্যা ভার্জ জানিয়েছে, গাদ্দাফি তার সময়ে কঠোরভাবে অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। কিন্তু ২০১১ সালে তার পতন হলে অস্ত্র ব্যবসা নিয়ে উদাসীন হয়ে পরে দেশটির কর্তৃপক্ষ। আর এই সুযোগে কালো বাজারের উত্থান ঘটে। যার ফলে এখন ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিয়ে কেনাবেচা হচ্ছে অস্ত্র।
নিউ ইয়র্ক টাইমসের মতে, শুধু লিবিয়াই নয়; সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে অস্ত্র কেনাবেচা হয়। এই অঞ্চলটিতে ইসলামিক স্টেট বা আইএসের শক্তিশালী উপস্থিতির কারণেই মূলত এই প্রবণতার সূচনা হয়। দিনকে দিন যা ভয়াবহ রূপ ধারণ করছে।
