ত্রাণমন্ত্রী মায়ার সাজা ও পুনঃশুনানির আদেশ বহাল

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:১৮
 
হাইকোর্টের খালাসের রায় বাতিল করে সুপ্রিমকোর্টের দেয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ পিটিশন খারিজ করে দেয়া হয়েছে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
 
এতে হাইকোর্টের খালাসের রায় বাতিল হওয়ায় সম্পদের হিসাব সংক্রান্ত মামলায় মায়াকে বিশেষ আদালতে ১৩ বছরের দণ্ড বহাল রইল। 
 
২০০৭ সালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় এ দণ্ড দেয়া হয়। এর বিরুদ্ধে মায়া হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টে নিম্ন আদালতে সাজা বাতিল করে এ রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। 
 
২০১৫ আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে রায় দেয়। একই সঙ্গে মায়ার আপিলের বিষয়বস্তুর ওপর পুনঃশুনানির জন্য নির্দেশ দেয়। এ আপিল পুনঃশুনানির আদেশ পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করেন মায়া। তার পক্ষে অ্যাডভোকেট আবদুল বাছেত মজুমদার ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
 
শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ পিটিশন খারিজ করে দেয়। এরপরে মায়াকে হাইকোর্টে পুনরায় শুনানিতে অংশ নিতে হবে।