সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ডিপোর তেল সরবরাহে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
রবিবার সকাল নয়টা থেকে বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত ডিপোগুলো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর ও টাঙ্গাইলে জ্বালানি তেল সরবরাহ এরই মধ্যে শুরু হয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন শনিবার এ ধর্মঘটের ডাক দেয়।
সংগঠনটির সভাপতি হাজী শাহজাহান সিরাজ বলেন, ‘শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
এ সময় চালক ও সহকারীর খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া চাল উদ্ধার না হলে শনিবার থেকে আবারো ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
যমুনা অয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রংপুরে দুই শ্রমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংগঠনটি শনিবার সকালে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।’
