খুলনার রাষ্ট্রয়াত্ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদ বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে আবারো রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে ।
রবিবার বেলা ১১টার দিকে ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন এ ঘোষণা দেন ।
তিনি বলেন, দাবি পূরণ না করা হলে সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিন রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে রাষ্ট্রয়াত্ত্ব সাতটি জুট মিলের উৎপাদন বন্ধ রাখা হবে। দাবিগুলো হলো, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান ইত্যাদি।
এর আগে প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল এবং দিঘলিয়ার স্টার জুট মিলের শ্রমিকরা মাটির সানুক, থালা-প্লেট হাতে নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি খালিশপুর শিল্পাঞ্চল প্রদক্ষিণ করে শেষ হয়।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা জেলা প্রশাসক ও মিল কর্তৃপক্ষকে দাবি পূরণে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেন।
