কালিয়াকৈরে পৃথক জায়গায় দুই লাশ উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:০২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক জায়গা থেকে কারখানার এক ম্যানেজারসহ দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার সকালে কালিয়াকৈর বাস ষ্ট্যান্ড এলাকায় সরকার নিট কম্পোজিট কারখানার ভিতর থেকে ওই কারখানার ম্যানেজার শফিকুল ইসলামের (৩০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ম্যানেজার নিহতের ঘটনায় ওই কারখানার মালিক সুমন হোসেনের বাবা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
সকালে কারখানার ম্যানেজারের কক্ষটি ভেতর থেকে দরজা বন্ধ থাকায় থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে ম্যানেজারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।
 
অপরদিকে ভাতারিয়া এলাকা থেকে সাগর মিয়া (২৫) নামে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ফ্রিজ সেকশনের শ্রমিকের ঝুলন্ত লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। সাগর মানিকগঞ্জের ঘিওর থানাধীন জাবরা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।
 
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।