বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে, বিশেষত উন্নত বিশ্বের এয়ারপোর্টে মুসলিমদের হয়রানির বিষয়টা এখন নিত্যনৈমিত্তিক বিষয়। এ ঘটনার শিকার হয়েছেন বিশ্ব বিখ্যাত মুসলিম তারকারাও। এবার তাদের কাতারে যুক্ত হল ইংলিশ ক্রিকেটার মইন আলীর নাম। বার্মিং হাম বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয় তাকে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মইন আলী এক টুইট বার্তায় লেখেন, 'এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। আরেক টুইটে তিনি লেখেন, বার্মিংহাম বিমানবন্দরে কঠিন সময় পার করলাম!'
এ ঘটনার পর ইংল্যান্ড দলের লেগ স্পিানর আদিল রশিদ পাল্টা টুইটে কতৃপক্ষের সমালোচনা করে লেখেন, 'এটা স্রেফ ক্লাউনদের কাজ!'
আরেক ক্রিকেটার ওয়াইজ শাহ ঘটনার কারণ ব্যাখ্যা করে লিখেছেন, 'এর পেছনে তোমার দাঁড়ি একটা কারণ হতে পারে।'
এদিকে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এই ঘটনার কোন ব্যাখ্যাও দেয়নি তারা।
