বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশকে বাধা প্রদান ও মারপিট করার অভিযোগে বিএনপি মনোনীত ইউপি চেয়ারম্যানপ্রার্থীসহ ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মামলায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাদী হয়ে শনিবার মধ্যরাতে এই মামলাটি দায়ের করেন।
মামলায় রাশেম্বরপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যানপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মণ্ডলকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ শতাধিক জনকে আসামি করা হয়েছে। এরা সবাই বিএনপির নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
রোববার দুপুরে মামলার বাদী গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাঁধা প্রদান, পুলিশকে মারপিট ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।ঘটনাস্থল থেকে আটক ৫জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
