পঞ্চগড়ে গৃহবধূ পিটিয়ে হত্যা, থানায় মামলা দায়ের

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:০৯
 
জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের গফাপাড়া এলাকায় গৃহবধূ মালেকা আক্তার মালাকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় পঞ্চগড় থানায় হত্যা মামলা দায়ের করা  হয়েছে। মালার চাচা ইব্রাহিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করা হয়।
 
মামলায় স্বামী দুলাল, শাশুড়ি হাওয়া বেগমসহ ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জব্বার জানান, গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত স্বামী ও শাশুড়িকে আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামি দুলালকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
 
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহসে উল গণি মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই স্বামী ও শাশুড়িকে আটক করে পঞ্চগড় থানা পুলিশ।