হানিফ ফ্লাইওভারে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৪:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাজধানীর বাইরে কেরাণীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে তার সরকারি গাড়িবহরের মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল পরিশোধ করেছেন। 
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরণীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফিরার পথে তার গাড়িবহরের সকল যানবাহনের জন্য টোল পরিশোধ করেছেন।'
 
এ বিষয়ে প্রেস সচিব আরো বলেন, 'প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এই সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।'
 
এছাড়া, গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মান কাজ উদ্বোধন করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফিরার সময় তার সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করার জন্য টোল পরিশোধ করেছিলেন।