রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীর দুর্ভোগ চরমে

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২০:০৭
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ দিন ধরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের কর্মবিরতির ফলে ভেঙ্গে পড়েছে হাসপাতালের চিকিৎসা-সেবা কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েছে রোগী ও রোগীর অভিভাবকরা।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। কর্মবিরতির পাশাপাশি রবিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
 
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, সোমবার হাসপাতাল পরিচালক, কলেজ অধ্যক্ষ এবং পুলিশ সুপারের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে আমাদের দাবি-দাওয়া পূরণ করা হলে আমরা কর্মস্থলে ফিরবো। অন্যথায় দাবি পূরণ করা না হলে হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দেয়া, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ, সাধারণ ইন্টার্ন চিকিৎসক নাজমুল হুদা, অর্থ বিষয়ক সম্পাদক রিসাদ, তমা,  রওজাতুল রোম্মান প্রমুখ।
 
সুমন আলী নামে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, মারপিট প্রতিবাদসহ ৫ দফা দাবিতে ধর্মঘট পালন করা হচ্ছে।