চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি ), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃপক্ষ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় নিরবচ্ছিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য ৩,২৫০ পুলিশ সদস্য ও প্রায় ৫৫০ র্যাব সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
শান্তিপূর্ণ ভাবে পহেলা বৈশাখ উদযাপন করার লক্ষে সিএমপি চট্টগ্রাম মহানগরীতে ৯২টি পয়েন্টে ২,২৫০ পুলিশ সদস্য মোতায়েন করবে এবং মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন কৌশলগত কারণে ৩২টি স্থানে চেকপোস্ট স্থাপন করবে।
এছাড়া র্যাব চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ৫৫০ র্যাব সদস্য মোতায়েন করবে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (স্পেশাল ব্রাঞ্চ) আবদুল আউয়াল জানান, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা সদর সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১৫০০ পুলিশ সদস্য মোতায়েন করবে।
বৈশাখী মেলা উদযাপনের সবচেয়ে বড় স্থানসমূহ- ডিসি হিল, সিআরবি এলাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত ও শিল্পকলা একাডেমীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিভিন্ন পর্যটন স্পট এবং ফয়'স লেক, স্বাধীনতা পার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সীতাকুন্ড ইকোপার্ককে নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হবে বলে জানিয়েছেন উক্ত নিরাপত্তা কর্তৃপক্ষ।
