মহিষের কাছাকাছি হরিণ প্রজনন কেন্দ্র স্থাপনের সুপারিশ

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২১:২১
বাগেরহাটে মহিষ প্রজনন কেন্দ্রের কাছাকাছি হরিণ প্রজনন কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এছাড়া কমিটি রাজহাঁস, ময়ূর, খরগোশ ও কোয়েল পাখির খামার স্থাপনের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।
 
বৈঠকে কমিটি সরকারি দুগ্ধ ও গবাদি পশু, ছাগল এবং মুরগি উন্নয়ন খামার ছাড়াও হাঁস খামারসমূহের সংস্কারের তাগিদ দিয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
কমিটি সভাপতি মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- নারায়ণ চন্দ্র চন্দ, কামাল আহমেদ মজুমদার, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও মুহাম্মদ আলতাফ আলী অংশ নেন।