খাগড়াছড়ির রামগড় উপজেলায় আওয়ামী লীগের একটি ওয়ার্ড অফিসের মালামালসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার পুলিশ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার ১নং রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড কার্যালয়ের তালা ভেঙ্গে সমস্ত মালপত্র এবং অফিসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে অফিসের বাইরে এনে আগুনে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এছাড়া রামগড়স্থ ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এম জাহিদুর রশিদ ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন খানসহ পুলিশের কর্মকর্তারা অফিসটি পরিদর্শন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত: পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসের সমস্ত মালামাল আগুনে পোড়ানো হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, এ ঘটনায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আনোয়ার হোসেন(২৩) ও মোতালেব হোসেন(২২) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি।
