বগুড়ায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২২:২৯
বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী নবম বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা । বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়  বগুড়া শহরের কামাড়গাড়ী এলাকায় বিশাল এলাকা জুড়ে  এই মেলার আয়োজন করা হয়েছে ।
 
রবিবার  সন্ধ্যা ৬ টায়  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন  করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
 
বগুড়া চেম্বার অব কমার্সের  সভাপতি সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন সিআইপি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল । এছাড়া বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এনামূল হক দুলাল,  ৯ম বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম রাজ, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতারুজ্জামান ডিউক,   পৌরসভার নারী কাউন্সিলর মার্জিযা হাসান রুমকি, মেসার্স শুকরা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুর মান্নান, মেলার পরিচালক মো. বাদল    সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
এ বছর মেলায়  মোট ৭০ টি প্যাভিলিয়ন ও ষ্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের  পণ্য  কেনা কাটার সুযোগ পাবে বগুড়াবাসী । মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা । তবে ৮ বছরের কম বয়সী শিশু  এবং প্রতিবন্ধীরা ‍বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।