ফতুল্লার ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, গণপূর্ত নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ৮ কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে এএজি সমরেন্দ্রনাথ বিশ্বাস ও বাদীপক্ষে মো. আমিমুল এহসান জুবায়ের শুনানিতে অংশ নেন। গত ৭ এপ্রিল রিট পিটিশনটি দায়ের করেন আলীগঞ্জ ক্লাব ও আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি কাওসার আহমেদ পলাশ।
