এখনো পুরনো এক ব্ল্যাকবেরিতে মশগুল ওবামা!

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১২:১০
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের পুরো বিশ্বের হর্তাকর্তা ভাবা হয়। অথচ যে কোনো সাধারণ মানুষের চেয়ে তারা নিরাপত্তা-আতংকে ভোগেন বেশি! আর এই কারণেই অ্যাপল-স্যামসাং-এলজি'র মতো প্রতিষ্ঠানের ফোন ফেলে ব্ল্যাকবেরি স্মার্টফোনে সন্তুষ্ট থাকতে হচ্ছে বারাক ওবামাকে!
 
নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, হোয়াইট হাউজের অনেকে এখন আইফোনে ঝুঁকলেও ব্ল্যাকবেরির বিশেষভাবে তৈরি হ্যান্ডসেটে মশগুল রয়েছেন ওবামা।
 
একটা সময় স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ছিলো ব্ল্যাকবেরি। কিন্তু বর্তমান সময়ে খুব খারাপ সময় পার করছে কানাডাভিত্তিক এই প্রতিষ্ঠান।
 
এই অবস্থা কাটাতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হয় সম্প্রতি উৎপাদিত হ্যান্ডসেটগুলোয়। তা সত্ত্বেও সংকট কাটেনি ব্ল্যাকবেরির।
 
২০১৫ সালের মার্চে এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপত্তা নিয়ে তাকে এতোটাই ভাবতে হয় যে, এর জন্য তিনি কাউকে টেক্সট করতে পারেন না! এমনকি, ফেসবুক-টুইটারে নিজের মতো করে কিছু পোস্টও করতে পারেন না! এখানেই শেষ নয়, একই কারণে পছন্দসই স্মার্টফোন ব্যবহার করার সুযোগও নেই তার!
 
২০১৪ সালের শুরুতে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এলজি কিংবা স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের ব্যবহারকারী হতে যাচ্ছেন ওবামা। তবে এখনো এই খবরের সত্যতা দেখা যায়নি।