দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৪:২৭
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন আলেয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
 
সোমবার ভোর রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতের ভাই আব্দুল খালেক জানান, দীর্ঘ ১৫ বছর আগে তার বোন আলেয়া খাতুনের সঙ্গে ওই গ্রামের হাসেম গাজীর ছেলে ট্রলি চালক আবুল কাশেমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্বামী আবুল কাসেম, শ্বশুর হাসেম গাজী, শাশুড়ি রহিমা খাতুন ও ননদ তাসলিমা খাতুন তার উপর নির্যাতন চালাতো। নির্যাতন থেকে রক্ষা পেতে তার স্বামীকে এ পর্যন্ত ১০ লাখ টাকা যৌতুকও দেয়া হয়েছে। এরপরও রক্ষা পাননি তার বোন।
তার অভিযোগ, ভোর রাত তিনটার দিকে তার বোনকে পিটিয়ে হত্যার পর তারা লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে।
 
দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’