চৌমুহনীতে ৩ হিন্দু পরিবারকে ভিটে ছাড়া করতে হয়রানি

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১২:৪৮
নোয়াখালীর চৌমুহনী শহরের গণিপুর এলাকায় তিনটি হিন্দু পরিবারকে ভিটে ছাড়া করার জন্য স্থানীয় এক ব্যক্তি নানাভাবে নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, জেলার চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গণিপুর গ্রমের উত্তরাংশে পরিমল ঘোষ, জ্যোতি লাল ঘোষ ও নিমাই ঘোষের পরিবার বাপ দাদার ভিটা মাটিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এ তিনটি পরিবারকে উচ্ছেদ করে জায়গাটি দখলের জন্য পার্শ্ববর্তী হাজি রহমত উল্যাহ নামের ওই ব্যক্তি ভুয়া দলিল সৃজন, ভুয়া বায়না চুক্তি, মামলা ও ওই জায়গায় চারা রোপন করে মনস্তাত্ত্বিকভাবে নির্যাতন চালাচ্ছে। শুধু তা-ই নয় এসব পরিবারের সন্তানদেরকে সামনে পেলে তার অনুগামী লোকলস্কর অকারণে মারধর করছে।
 
এসব পরিবারদের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিলে থানার একজন এসআই ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়ে হাজি রহমত উল্যাকে এসব নির্যাতন বন্ধ করতে শাসিয়ে যান। এরপরও হিন্দু পরিবারগুলোর উপর অনবরত নির্যাতন চালিয়ে যাচ্ছেন তিনি ও তার লোকজন। এতে হিন্দু পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে।