চাটমোহরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে কোপালো দুর্বৃত্তরা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১২:৪৬

পাবনার চাটমোহরে দুর্বৃত্তরা এক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বোয়ালমারী ব্রিজের উপর ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, উপজেলার নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী কামরুজ্জামান খোকন(৫০)ও যুবলীগ নেতা সাকাওয়াত হোসেন (৩০)। 

আহত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান মোটর সাইকেলযোগে তার ইউনিয়নের ধানকুনিয়া থেকে চাটমোহরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বোয়ালমারী ব্রিজের উপর সশস্ত্র দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এসময় চেয়ারম্যানের সাথে থাকা যুবলীগ নেতা সাকাওয়াতকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এ বিষয়ে চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এমআরএম