অবশেষে ১৩ বছর পরে উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নে বহু কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, ইউপি নির্বাচনের ৫ম ধাপের আওতায় আগামী ২১ এপ্রিল এ ইউনিয়নে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দাবি পূরণের এ খবরে এলাকাবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত। সীমানা কিংবা আইনি কোনো জটিলতা না থাকার পরেও দীর্ঘ ১৩ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ ও উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী নির্বাচনের দাবিতে গত ১৯ মার্চ বিকেলে গুঠিয়ায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছিলেন। ওই সময় এ ইউনিয়নে নির্বাচন না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন। তখন বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনিরুল ইসলাম মনি মানববন্ধনে অংশ নিয়ে গুঠিয়াবাসীর প্রাণের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আ. ছত্তার মোল্লার সভাপতিত্বে মানবন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার, সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা আলহাজ আওরঙ্গজেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সরদার জগলুল হায়দার, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম মিন্টু, বিএনপির সভাপতি ইকবাল বাহার মোল্লা, সম্পাদক আজাহার আলী খান, ওয়াকার্স পার্টির সম্পাদক হারুন অর রশিদ, সমাজসেবী আ. ছত্তার হাওলাদার বড় মিয়া, গুঠিয়া ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান জগলু লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালে মডেল এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পৌরসভার সঙ্গে সীমানা সংক্রান্ত জটিলতার কারনে ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।
