কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৪:৫৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এইচএসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা সম্পর্কে চাচাত ভাই।
 
সোমবার দুপুরে উপজেলার ভিন্নজগত সড়কের ছগিরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫), এনামুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম (১৯) উপজেলা শহরে আসছিলেন। অপর দিকে উপজেলা শহর থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেলে করে নিজবাড়ি ফিরছিলেন। এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিপ্লব ও কাইয়ুম নিহত হন। গুরুতর আহত মাসুদ খানকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।