বাস্তব জীবনে শাহরুখ খান ও সালমান খানের ভাল সম্পর্ক তৈরি হলেও বক্স অফিসে তাদের দ্বন্দ্বের বিষয়টি সবসময়ই আলোচনায় থাকে। এবারের রোজার ঈদেও বক্স অফিসে সালমান খানের ‘সুলতান’ ও শাহরুখ খানের ‘রাইস’ ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর দুইটি ছবির একটি যেন অন্যটির ব্যবসায় ভাগ বসাতে না পারে সেজন্য মুক্তির তারিখ পরিবর্তন করাটা যৌক্তিক হবে বলে মনে করছেন শাহরুখ খান।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে শাহরুখ বলেন, আমি মনে করি, ‘রাইস’ ও ‘সুলতান’-এর মুক্তির তারিখ পরিবর্তন করাটা যৌক্তিক ব্যাপার। কোনো ছবি যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য আমরা একটা পথ খুঁজে পেতে চেষ্টা করছি। এটা খুব বিদঘুটে ব্যাপার..মনে হচ্ছে এ কি করলাম আমরা! বক্স অফিসে এমন লড়াই কারো ভালো লাগে বলে মনে হয় না।
বিষয়টি শাহরুখকে এতোই পীড়া দিচ্ছে যে, বন্ধু আদিত্য চোপড়া (সুলতান ছবির প্রযোজক) ও সালমানের সঙ্গে কথা বলবেন তিনি। শাহরুখ বলেন, আদি আমার পরিবার ও ফারহানের (রাইস ছবির প্রযোজক) সঙ্গেও আমার তেমন সম্পর্ক। সবার প্রতি সম্মান দেখিয়ে আদি ও সালমানের সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে কথা বলব। এ নিয়ে এরই মধ্যে ফারহানের সঙ্গে কথা বলেছি। যদি আমরা দিন-তারিখ পরিবর্তন করি, তাহলে যে কোনো একটি ছবিকে সরে যেতে হবে।
কোনো ছবির তারিখ পেছানো হবে সে বিষয়ে শাহরুখ বলেন, প্রযোজকরা যদি সিদ্ধান্তে অনড় থাকেন অথবা তারিখ পরিবর্তন করেন, তাহলে ভেবে দেখা দরকার ঈদটা সালমান খানের জন্য সুসময়। তবে ঈদকে ঘিরেই ‘রায়ীস’ বানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। খবর: বলিউড লাইফ ডট কম।
