দীর্ঘ ৫ মাস ধরে নির্যাতনের শিকার ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব।
সোমবার বানারীপাড়া উপজেলা বাইশারীর একটি ইটভাটা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- নূপুর সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, কালাম মোড়ল, হামিদ খা, মাহাবুবুর রহমান, সিরাজ গাজি, মুসা সরদার, খলিল খা, কামরুল ইসলাম, মজিদ গাজী, সোহেল খা ও কামরুল হোসেন। শ্রমিক নির্যাতনের অভিযোগে কবির ও মিলন নামের দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার গত ৫ মাস ধরে ওই ১৩ শ্রমিককে জিন্মি করে তার দক্ষিণ বাইশারীস্থ মেসাস তাজেম ব্রিক ফিল্ডে কাজ করতে বাধ্য করা হতো। দিনের বেলায় ওই শ্রমিকদের দিয়ে কাজ করাতো। আর রাত হলেই নির্যাতন চালাতো। বেতন তো দূরের কথা ঠিকমত খাবার দেওয়া হতো না। আধা বেলা খাবার জুটতো। অনাহাড়ে-অর্ধাহারে তাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়ে।
আটক শ্রমিকদের এক আত্মীয় মো. হালিম র্যাব-৮ এর দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানায়। খোঁজ খবর নিয়ে র্যাব অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে ওই ১৩ শ্রমিককে উদ্ধার করে।
