শতবর্ষ পর আবার বাড়ছে বাঘের সংখ্যা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৭:৩৭
এক শতাব্দী পর বিশ্বব্যাপী প্রথমবারের মত বাঘের সংখ্যা বেড়েছে। সর্বশেষ বাঘ শুমারিতে সারা পৃথিবীতে মোট তিন হাজার ৮৯০টি বাঘ থাকার কথা জানা গেছে।
 
বাঘের আবাসস্থল সংরক্ষণে কাজ করা দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ও গ্লোবাল টাইগার ফোরাম সর্বশেষ বাঘশুমারির তথ্যটি জানিয়েছে। বাঘের এই সংখ্যা বৃদ্ধি আশাব্যঞ্জক হলেও তথ্য সংগ্রহে উন্নতির কারণেও এমনটা মনে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
 
১৯০০ সালে যেখানে বিশ্বব্যাপী প্রায় এক লাখ বাঘ পৃথিবীর জঙ্গলগুলোতে বিচরণ করত তা কমতে কমতে ২০১০ সালে মাত্র তিন হাজার ২০০ তে দাঁড়ায়।
 
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিনেট হেমলি বলেছেন, সংখ্যাবৃদ্ধির চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা যাচ্ছে তা হল আমরা সঠিক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি।
 
বাঘের বসবাস রয়েছে এমন ১৩টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা ভারতের রাজধানী দিল্লিতে সম্মেলনে বসার আগে এই তথ্য প্রকাশ করা হল। বাঘের সংখ্যা ২০২২ সাল নাগাদ দ্বিগুণ করার আশাবাদ নিয়ে মঙ্গলবার সম্মেলন শুরু হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করবেন। সূত্র: বিবিসি