বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন বাংলাদেশ-ভারত কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, চাপাইনবাবগজ্ঞ জেলা সদরের কালিনগর গ্রামের আনসার আলীর ছেলে নাসির উদ্দিন ও বাগেরহাটের রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান।
এর আগে ৩ মার্চ এই একই বিদ্যুৎকেন্দ্রে কনটেইনার চাপা পড়ে নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে আরো দুই শ্রমিক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুত কেন্দ্রে প্রতিদিনের মত কাজ করছিল শ্রমিকরা এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিঁড়ে নাসির উদ্দিন নামের এক শ্রমিক নিহত ও আসাদুর রহমান নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। পরে আসাদুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
