আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল নেতা তৈরি করে। আওয়ামী লীগের সম্মেলন মানেই হলো একটা ইতিহাস। এই সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলনেরও সিদ্ধান্ত হয়েছিল সম্মেলন থেকেই।’
সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। লাগাতার বৈঠক চলতে থাকবে। সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ‘এবারের সম্মেলন হবে উত্সবমুখর এবং এবারও সম্মেলন থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
সম্মেলনে কাউন্সিলরা যদি চান আপনি সাধারণ সম্পাদক হবেন, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘অপেক্ষা করেন। সম্মেলনে সব জানতে পারবেন।’
