লিবিয়া নিয়ে 'ভুল' স্বীকার করলেন ওবামা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২০:৩৬
লিবিয়ার স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফিকে অপসারণ পরবর্তী ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একে তিনি তার প্রেসিডেন্ট পদে থাকাকালীন সবচেয়ে বড় 'ভুল' হিসেবে উল্লেখ করেন।
 
মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে এই কথা বলেন ওবামা। সাক্ষাতকারে হোয়াইট হাউসে থাকাকালীন সময়ের বিভিন্ন উত্থান পতনের কথা উঠে এসেছে সাক্ষাতকারটিতে।
 
তবে লিবিয়ায় হস্তক্ষেপ করা সঠিক ছিল বলে দাবি করেন ওবামা।
 
২০১১ সালে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করা শুরু হলে জনগণকে রক্ষার কথা বলে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
 
এক পর্যায়ে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে অরাজকতা ছড়িয়ে পড়ে। দেশটির অনেক এলাকাই তখন ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে চলে যায়।
 
এমনকি পাল্টাপাল্টি দুটি সরকারও গঠন করা হয় দেশটিতে। দেশের এই সংঘাতপূর্ণ অবস্থা এড়াতে বহু মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। সূত্র: বিবিসি